কাজে মগ্ন শ্রাবন্তী, প্রথমবার ওয়েব সিরিজে

শ্রাবন্তী একটি সবুজ শার্ট পরা, ক্যামেরার দিকে তাকানো ছবি, ওয়েব সিরিজের প্রচার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ব্যক্তিগত সম্পর্কের কারণে বেশ ক’দিন থেকেই শিরোনাম হচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু নিজের ব্যক্তিগত এই সংকট সময়েও নিজের ফিল্ম ক্যারিয়ারকে ভুলে যাননি তিনি। আর তাইতো এতো গুঞ্জনের মধ্যেও কাজে ফিরেছেন তিনি।
মূলত সোহম চক্রবর্তীর বিপরীতে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী। যার নাম ‘দুজনে’। ইতোমধ্যেই যার ফার্স্ট লুক সামনে এসেছে।
প্রথমে এই সিরিজের নাম ছিল ‘ইনটিউশন’। তবে পরবর্তীতে তা বদলে নাম ঠিক করা হয় ‘দুজনে’। রহস্য-রোমাঞ্চে ভরপুর এই থ্রিলারে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী ও সোহম। অহনা ও অমরের চরিত্রে দেখা মিলবে তাদের। যারা ঘটনাচক্রে একটি পাতা ফাঁদে পা দিয়ে ফেঁসে যায়। সেভাবেই গভীর হতে থাকে রহস্য।
ওয়েব সিরিজটিতে অভিনয় করার প্রসঙ্গে ইন্ডিয়ান টাইমসকে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে দারুণ লাগছে। তাও আবার সোহমের সঙ্গে। যার সঙ্গে প্রথম চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম।
তিনি বলেন, ‘দুজনে’ ওয়েব সিরিজটির গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই কারণেই রাজি হয়ে গেছি। কবে সিরিজটা দেখা যাবে, এখন সেটারই অপেক্ষায় আছি।
এদিকে নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ আশাবাদী সোহমও। তিনি বলেন, আপনাদের সকলের আশীর্বাদে প্রথমবার ওয়েব সিরিজের জন্য শুটিং ফ্লোরে নামছি। ‘দুজনে’ শুধু একটা থ্রিলার সিরিজই নয়, এর মধ্যে কিন্তু একটা লাভস্টোরিও রয়েছে। আবারও শ্রাবন্তীর সঙ্গে জুটি বেধে ভাল লাগছে। আশা করছি, আমাদের সিনেমার মতোই দর্শকরা এই ওয়েব সিরিজকেও ভালবাসায় ভরিয়ে দেবেন।
দর্শক হইচই অ্যাপে উপভোগ করতে পারবেন ওয়েব সিরিজটি। মিতালি ভট্টাচার্যের লেখা ‘দুজনে’ ওয়েব সিরিজটির শুটিং শেষ হলেই এর মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।






