কলিজা খুব বেশিদিন ফ্রিজে সংরক্ষণ করলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। তাই ঈদের সময় অনেক বাড়িতেই বেশ তড়িঘড়ি করেই কলিজা রেঁধে ফেলা হয়। এবারের কলিজা প্রতিবারের মতোই ভুনা না করে একটু ভিন্ন স্বাদের নাস্তা তৈরি করতে পারেন। কলিজা দিয়ে ঈদের বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন শাসলিক। জেনে নিন রেসিপিটি।
উপকরণ
কলিজা কিউব করে কাটা ২ কাপ, সবুজ ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি, টমেটো কিউব করে কাটা ২টি, লাল ও হলুদ ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি করে, শসা স্লাইস করা ১টি, কাঁচামরিচ পরিমাণ মতো, সয়াসস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, চিলি সস ১ চা চামচ, টমেটো সস ২চা চামচ, আদা ও রসুন বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, সরিষার তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো এবং শাসলিকের কাঠি।
প্রস্তুত প্রণালি
কলিজা টুকরা করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। মাখানোর সময় অর্ধেক তেল দিন। এরপর শাসলিকের কাঠিতে একে একে ক্যাপসিকাম, টমেটো, কলিজা, শসা, কাঁচামরিচ গেঁথে সাজিয়ে নিন। ফ্রাইপ্যানে সরিষার তেল গরম করে শাসলিকগুলো বিছিয়ে দিন। সেকা তেলে এক পিঠ ভাজা হয়ে গেলে সবগুলো শাসলিক উল্টে দিন এবং ভাজতে থাকুন। সবগুলো ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার কলিজার শাসলিক।










