মাহি আপনি কী করছেন?
ছবির শুটিং। এখন আছি কাপ্তাইয়ে। ‘পবিত্র ভালোবাসা’ ছবির শুটিং করছি।
এরপর?
ঢাকায় ফিরে আবার শুটিং।
এবার কোন ছবির কাজ করবেন?
‘মনে রেখো’, পরিচালক ওয়াজেদ আলী সুমন।
কলকাতার দুজন নায়কের সঙ্গে কাজ করবেন ঢাকার মাহিয়া মাহি। ছবির নাম ‘মনে রেখো’, পরিচালক ওয়াজেদ আলী সুমন। ২৬ ফেব্রুয়ারি এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। ছবির শুটিং শুরু হবে ১৬ মার্চ। শুরুতে কাজ হবে ঢাকায়, এরপর দার্জিলিংয়ে।
মাহির সঙ্গে কলকাতার কোন দুই নায়ক অভিনয় করবেন? এ ব্যাপারে পরিচালক এখনই কিছু জানাতে চাননি। বললেন, ‘দুজনের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। চুক্তি হয়নি। তাই এখনই বলতে চাচ্ছি না।’
‘মনে রেখো’ ছবিটি তৈরি করছে প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট। এদিকে মাহি জানান, গতকাল শনিবার বড় বাজেটের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ময়না’।







