কলকাতার কলেজের মেধা তালিকার শীর্ষে সানি লিওন, জানালেন প্রতিক্রিয়া

Result sheet showing student names, roll numbers, and scores for the 2020 English exam at ASUTOSH COLLEGE. Channel i News – চ্যানেল আই নিউজ
দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফলে মেধা তালিকার শীর্ষে নাম উঠেছে সানি লিওনের। এই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সানি লিওন নিজেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মজার প্রতিক্রিয়া।
সানি রসিকতা করে টুইটারে লিখেছেন, ‘কলেজের পরবর্তী সেমিস্টারে আপনাদের সঙ্গে দেখা হবে! আশা করি সবাই আমার ক্লাসে থাকবেন।’
সানি লিওনের নাম শুধু যে মেধা তালিকায় দেখা গেছে তা নয়, বোর্ডের পরীক্ষাতে ৪০০ নম্বর পেতে দেখা গিয়েছে তাকে। মেধা তালিকায় সানি লিওনের রোল নম্বর এবং দরখাস্তের আইডি নম্বরও আছে।
আশুতোষ কলেজের তরফ থেকে ভবানিপুর পুলিশ স্টেশন এবং কলকাতার সাইবার পুলিশ স্টেশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এধরণের কাজ করেছে, তা জানতে তদন্ত করছে পুলিশ।
আশুতোষ কলেজের বিতর্কের মাঝে একই ভুল করেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ কলেজও। এই কলেজের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি বিভাগের মেধা তালিকাতেও দেখা গেছে সানি লিওনের নাম।






