পহেলা বৈশাখকে ঘিরে উপহার সামগ্রী পাঠানো আর খাবার-দাবারের নানা আয়োজন বাঙালির চিরায়ত উৎসবের মধ্যে অন্যতম। এ আয়োজনের মাধ্যমে ফুটে ওঠে পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধন।
মুড়কি-মুড়ি-বিন্নি-খই-বাতাসাসহ মিষ্টিমুখ করানোর এ আয়োজন গ্রামীণ জীবন ছাপিয়ে নগর জীবনেও চলে এসেছে অনেকদিন থেকেই।
মাটির পাত্রে মিষ্টি জাতীয় খাবার গ্রামবাংলায় বহন করা হলেও বৈচিত্র্যময় কাগজে মুড়িয়ে বাহারি খাবার পাঠানো হয় আজকাল শহরের কর্পোরেট অফিসগুলোতে।
হাজার বছর ধরেই বাংলা বর্ষবরণের আয়োজন বাঙালির। প্রতিবেশির সাথে সম্পর্কের দৃঢ় বন্ধনের লক্ষেই থাকে উপহার সামগ্রীর আদান-প্রদান। শহর জীবনের কর্পোরেট কালচারেও সেই চিরায়ত বন্ধন অটুট রাখতে নানা আয়োজন থাকে পয়লা বৈশাখের ঠিক আগমুহুর্তে।
উপহার হিসেবে পাঠানো খাবার-দাবার সহকর্মীরা হাসিমুখে খেয়ে থাকে একে অপরের সাথে ভাগাভাগি করে। আর এর মধ্যে বাড়ে ভালোবাসার বন্ধন।
বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ভেতরে সবচেয়ে বড় আয়োজন বৈশাখ উদযাপন। এখন শুধু গ্রামীণ জীবনেই না, খই-বাতাসা-জিলাপি-আমিত্তির ঘ্রাণ ঘুরে বেড়ায় শহরের কর্পোরেট কালচারেও। বৈশাখ আসুক সম্পর্কের নতুন নতুন আয়োজনকে আরেকটুকু দৃঢ় করতে- এমনই প্রত্যাশা সবার।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







