করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদিতে বাংলাদেশিদের কাজের সুযোগ পূর্ণোদ্যমে শুরু

সৌদিতে কাজের জন্য প্রস্তুত বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘ লাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ পূর্ণোদ্যমে শুরু হবে বলে প্রত্যাশা করছে জেদ্দাস্থ কনস্যুলেট অফিসের শ্রম কল্যাণ উইং।
রোববার কাউন্সেলর (শ্রম) মোঃ আমিনুল ইসলামের পাঠানো বিবৃতিতে এমন প্রত্যাশার কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশি রিক্রুটিং এজেন্সীসমূহকে সৌদি আরবের শ্রম বাজার সংক্রান্ত সার্বিক তথ্য, জেদ্দাস্থ অধিক্ষেত্রে অবস্থিত মূল নিয়োগকারী কোম্পানী/প্রতিষ্ঠানের সাথে সভা/সাক্ষাতসহ প্রয়োজনীয় সহযোগিতা কনস্যুলেট থেকে প্রদান করা হবে। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সীসমূকে নিম্নোক্ত মোবাইল নম্বর ও ই মেইলে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে-
+৯৬৬৫৬৬৯১৭৭২৯
labourwing.jeddah@gmail.com
বিবৃতিতে আরও বলা হয়, জেদ্দাস্থ অধিক্ষেত্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অর্থায়নে পরিচালিত হটলাইন চালু আছে (৮০০২৪৪০০৫১, শুক্রবার, শনিবার ও অন্য কোন সরকারি ছুটি দিবস ব্যতিত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি চালু থাকবে)।

সৌদি আরব বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিনের পুরাতন কর্মস্থল৷ ২০১৬ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি সফরের মাধ্যমে অর্জিত কূটনৈতিক সফলতায় সৌদি আরবে সকল ট্রেডে বাংলাদেশি কর্মীদের নিয়োগ পুনরায় উন্মুক্ত হয়৷ সময়ের পরিক্রমায় সৌদি আরব বর্তমানে বাংলাদেশি কর্মীদের অন্যতম বৃহৎ শ্রম বাজারে পরিণত হয়েছে।






