কম্বোডিয়ার প্রেমে পড়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সেই সাথে ভালোবেসে ফেলেছেন এই দেশের ইতিহাস আর মানুষকে। দেশটি নিয়ে নির্মিত ছবির কাজ করতে গিয়ে এই ভালোবাসার জন্ম।
অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ‘ফাস্ট দে কিলড মাই ফাদার’। কম্বোডিয়ার গণহত্যার প্রেক্ষাপটে নির্মিত এ ছবির প্রযোজক জোলি। কিন্তু ছবির কাজ করতে গিয়ে নিজের ভেতরে বেশ পরিবর্তন লক্ষ করছেন এই হলিউড তারকা।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টিকে ‘জাগরণ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
এই জাগরণের কারণ খুঁজতে গেলে ছবির কাহিনির দিকে নজর দেওয়া দরকার। পৃথিবীর ইতিহাসে যে কয়টি গণহত্যা হয়েছে, তার মধ্যে অন্যতম নির্মম একটি ‘খোমাররুজদের গণহত্যা’। প্রায় বিশ লাখ মানুষকে হত্যা করা হয় তখন।

ছবিতে সেই গণহত্যার সময়ের একটি সত্য ঘটনা উঠে এসেছে এক শিশুর চোখ দিয়ে। সে তার বাবার নির্মম হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে। সেই করুণ ঘটনাই জাগিয়ে দিল অ্যাঞ্জেলিনা জোলিকে।
ছবিটির ব্যাপারে বেশ আশাবাদী এই অভিনেত্রী। তার বিশ্বাস, ছবিটি কম্বোডিয়াবাসীকে নতুন করে ভাবতে সাহায্য করবে। বিবিসি।








