ব্রাজিলের অধিনায়ক নেইমার কোপা আমেরিকায় কম করে হলেও একটি ম্যাচে খেলতে পারছেন না। কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হারার পরে ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন নেইমার।
নেইমারের বিরুদ্ধে এক ম্যাচের জন্য সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হলেও তার শাস্তির মেয়াদ আরও বাড়তে পারে। কোনমেবল শৃঙ্খলা ট্রাইব্যুনাল নেইমারের শাস্তি আরও বাড়াতে পারে।
গ্রুপ পর্বের কলম্বিয়ার বিপক্ষে খেলায় এক গোলের ব্যবধানে হারে ব্রাজিল। ম্যাচের শেষ বাশিঁ বাজার পরেও বলে সজোরে লাথি মারেন নেইমার। যা কলম্বিয়ার পাবলো আমেরো’র গায়ে লাগে এবং দু’দলের খেলোয়াড়েরা দ্বন্দ্বে জড়িয়ে পরে। এই ঘটনার প্রেক্ষিতে নেইমারকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
তার মানে গ্রুপ সি’র ব্রাজিলের পরবর্তী খেলায় ভেনিজুয়েলার বিপক্ষে দেখা যাবে না নেইমারকে।
তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে প্রশাসনের কাছ থেকে ন্যায়বিচার পায়নি বলে নেইমার দাবি করে আসছে। তার টিমমেট দানি আলভেজও সেই ম্যাচের রেফারি এনরিক ওসেস’র বিরুদ্ধে অভিযোগ তুলেছে।







