বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন অাজ।
বাঙালীর প্রিয় এ কবির সৃষ্টি কর্মে শুধু স্বাধীনতাই নয়, সেই সঙ্গে মৌলবাদ, ধর্মান্ধতা, প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতাসহ সব কিছুই উঠে এসেছে, যা আজও আমাদের উজ্জীবিত করে। আর এ কারণেই তিনি বাঙালীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন এবং আমাদের চলার পথের পাথেয়।
কবির জন্মবার্ষিকী স্মরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করেছে।
সকালে বনানী কবরস্থানে কবির সমাধিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, গান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর কবির সমাধিতে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, শামসুর রাহমান স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করবে।
তার স্মরণে বিকেল ৪টায় বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ যৌথভাবে একাডেমির রবীন্দ্র চত্বরে আলোচনা, নিবেদিত কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

কবির জন্মদিনে চ্যানেল আই’তে রাজু আলীমের পরিচালনা ও রোকেয়া প্রাচীরের উপস্থাপনায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘শিল্প বিনোদন’ এর বিশেষ পর্ব প্রচারিত হবে বিকেল সাড়ে ৫টায়। এ অনুষ্ঠানে কবির সাহিত্য নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং ভারতের কবি ও অনুবাদক শংকর সেন।
এছাড়া প্রিয় কবির জন্মদিনে অভিব্যক্তি ব্যক্ত করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং কবি কামাল চৌধুরী। শামসুর রাহমান এর কবিতা থেকে আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, আল মনসুর ও ডালিয়া আহমেদ।
চ্যানেল আই’র আর্কাইভ থেকে অনুষ্ঠানে কবির স্বকণ্ঠের আবৃত্তি থাকবে শমী কায়সার এর সঙ্গে। স্টুডিও’তে কবি শামসুর রাহমান’কে নিয়ে স্মৃতিচারণ করবেন সম্লিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুস এবং জাতীয় কবিতা পরিষদ এর সভাপতি কবি মোহাম্মদ সামাদ।








