অন্যান্য

কবির মায়ের চলে যাওয়া

কবির মায়ের চলে যাওয়া

বাংলা সাহিত্য জগতের অমিত প্রতিভাধর এক কবি আবুল হাসান। মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে চলে যাওয়া প্রিয় কবির মা সালেহা বেগম গতকাল (শুক্রবার) রাতে গত হয়েছেন। উঠতি বয়সে যার কবিতা বন্ধু হয়ে উঠেছিলো, যার কবিতাকে ভালোবেসেছিলেন খুব, সেই কবির মায়ের মৃত্যুতে ফেসবুকে পোস্ট দিয়েছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর।

‘কবি আবুল হাসানের মা সালেহা বেগম’ শিরোনামে টোকন ঠাকুর লিখেন, উঠতি বয়সে আবুল হাসানের কবিতাকে আমার বন্ধু মনে হতো। খুব ভালোবেসেছি, হাসানের কবিতাকে। ১৯৭৫ এর ২৬ নভেম্বর মা্ত্র ২৮ বছর বয়সেই প্রয়াত হলেন আবুল হাসান। আবুল হাসান আর নির্মলেন্দু গুণের বোহেমিয়ান জীবনের কথা প্রায় মিথ, মিড সেভেনটিজে।

হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়তেন, প্রেমও করতেন ইংরেজি বিভাগের তখনকার দিনের ‘আধুনিকা’ ‘প্যান্ট পরে ক্লাশ নিতে আসা তরুণী শিক্ষিকা’ কিম্বা বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে সিগ্রেট টানতে টানতে যে প্লাথীয় কবি ক্লাশে ঢুকতেন, সুরাইয়া খানম, তার সঙ্গে।

হাসান মরে গেলে আনওয়ার আহমেদ সম্পাদিত ‘কিছুধ্বনি’র এক লেখায় প্রায়-নির্বাসিত সুরাইয়া নিজের ছাত্র-প্রেমিকের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘হাসান ছিল আহত, ক্ষুধার্ত সিংহ, আমি ছাড়া আর কেইবা বুঝত ওকে?’ সেই সুরাইয়াও মারা গেলেন দীর্ঘকাল উত্তর আমেরিকার কোনো প্রান্তে, বৃদ্ধা হয়ে। কয়েক বছর আগে কবি-সম্পাদক আনওয়ার আহমেদ প্রয়াত হয়েছেন।

কবির মায়ের চলে যাওয়া

কিন্তু, মাত্র ২৮ বছর বয়সকাল পাড়ি দিয়ে চলে যাওয়া তরুণ কবি আবুল হাসানের মা সালেহা বেগম এতকাল বেঁচেছিলেন। কী ভাবতেন তিনি তার অকালে মরে যাওয়া কবি ছেলেকে নিয়ে। কবিই কি নয়, ‘কবির মায়ের অশ্রুবিন্দু!’

গতকাল রাতে, বড় মেয়ে বুড়ির খুলনার বাসায় ৯১/৯২ বছর বয়সে চলে গেলেন আবুল হাসানের মা সালেহা বেগম। ‘কবির মা’ নামে আবুল হাসানের একটি কবিতা ছিল। এখন মনে পড়ছে না…

কবির মা কীরকম? রবীন্দ্রনাথ লিখেছেন, মাকে আমার পড়ে নাকো মনে’।

তথ্যটি হচ্ছে, সালেহা বেগম তরুণ কবি আবুল হাসানের মা ছিলেন। তিনি গতরাতে খুলনায় তার বড় মেয়ের বুড়ির বাসায় মারা গেলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…