গত মৌসুম খারাপ কাটায় চেলসি থেকে কন্তের বরখাস্ত হওয়া অনেকটা সময়ের ব্যাপারই ছিল। শেষ পর্যন্ত তাই হলো। তার জায়গায় ক্লাবটিতে নতুন কোচ হিসেবে যোগ দিচ্ছেন নাপোলির মাউরিজিও সারি।
দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগে এসে প্রথম বারেই বাজিমাত করেছিলেন কন্তে, চেলসিকে এনে দিয়েছিলেন শিরোপা।
গত মৌসুমটা ভালো কাটেনি, শীর্ষ চারে জায়গা করে নিতে না পেরে চেলসি নেই চ্যাম্পিয়নস লিগে। তবে এই ব্যর্থতার চেয়ে চেলসি মালিকের সঙ্গে সম্পর্কের অবনতিই মনে করা হচ্ছে বড় কারণ। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো নেই।
সারির সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করবে চেলসি।
গত মৌসুমে নাপোলিকে দুই নম্বরে রেখে লিগ শেষ করেছিলেন সারি। কিন্তু নাপোলি চলতি বছরের মে মাসে নিয়োগ দেয় কার্লোস আনচেলেত্তিকে। ফলে সারির নাপোলির তিন বছরের কোচিং ক্যারিয়ারের অবসান ঘটে। আর সুযোগ বুঝে তাকে লুফে নিল চেলসি।







