মনোযোগ আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে, তবে মাথায় বিশ্বকাপ প্রস্তুতি। ইংল্যান্ডের কন্ডিশনের চ্যালেঞ্জ জিততে আয়ারল্যান্ডের লড়াইকে পাখির চোখ করছে বাংলাদেশ। দেশটিতে পৌঁছে অনুশীলনে ঘাম ঝরাতে ব্যস্ত মাশরাফী-তামিমরা।
বুধবার সকালে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। একজন তখন দলের সঙ্গী হতে পারেননি, সেই সাকিব আল হাসানও খুব দেরি করেননি। ওইদিন সন্ধ্যাতেই রওনা দেন টাইগার অলরাউন্ডার। ফলে ত্রিদেশীয় সিরিজের পুরো দলই এখন আয়ারল্যান্ডে।
মাশরাফী বিন মোর্ত্তজার দল বৃহস্পতিবার সেখানে অনুশীলন করেছে পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে।
ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াচ্ছে ৫ তারিখ। আয়ারল্যান্ড-উইন্ডিজ ম্যাচ দিয়ে। বাংলাদেশ মাঠে নামবে তার একদিন পর, উইন্ডিজের বিপক্ষে। স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ তারও একদিন পর, ৯মে।
বিশ্বকাপ-লাগোয়া সিরিজ বলে এটিকে আলাদা করে ভাবার সুযোগ নেই। যেহেতু ইংল্যান্ড-আয়ারল্যান্ডের কন্ডিশনেও মিল আছে, সবমিলিয়ে ত্রিদেশীয় সিরিজকে কাজে লগিয়ে বিশ্বকাপের মহড়াটা ভালোমতই সারতে চায় টাইগাররা।







