জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থীরা ‘দৈনিক তিন হাজার কনডম ব্যবহার করে’ বলে চরম বিতর্কিত মন্তব্যকারী বিজেপি দলীয় এমএলএ জ্ঞানদেব আহুজাকে (৬৩) তীব্র ভর্ৎসনা করে দিল্লিতে তলব করেছেন বিজেপি প্রধান অমিত শাহ।‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের’ জন্য তাকে দিল্লিতে এসে ব্যাখ্যা দিতে বলেছেন দলীয় প্রধান। সূত্রের বরাতে এমনটি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক মাধ্যমে ঝড় তোলা এমন মন্তব্যে ‘বিজেপি কনডম গুণে রাখে’ এমন একটি হ্যাশট্যাগ ব্যবহার দলটিকে তীব্র সমালোচনার শিকার হতে হচ্ছে। বিজেপি কাউন্টস কনডমস হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।
‘শয়তানের আড্ডাস্থলে পরিণত হয়েছে জেএনইউ’ মন্তব্য করে রাজস্থানের এই আইনপ্রণেতা সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “জেএনইউ’তে প্রতিদিন ৩ হাজার বিয়ার ক্যান ও বোতল, ২ হাজার ভারতীয় মদের বোতল, ১০ হাজার সিগারেটের অবশিষ্টাংশ, ৪ হাজার বিড়ি, ৫০ হাজার হাড়ের টুকরা, ২ হাজার চিপসের মোড়ক, ৩ হাজার ব্যবহৃত কনডম এবং ৫০০ গর্ভপাতের ইঞ্জেকশন পাবেন।”
দিল্লি থেকে দেড়শো কিলোমিটার দূরে আলোয়ারে আয়োজিত জেএনইউ’এর তথাকথিত ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন আহুজা। ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ জেএনইউ বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবিরোধী কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে’ এমন অভিযোগেই এমএলএ জ্ঞানদেব আহুজা এই বিক্ষোভের আয়োজন করেছিলেন।
জীবনবৃত্তান্তে উল্লেখিত স্কুলের গন্ডি পার না হওয়া এই এমএলএ তার মাত্রা ছাড়া মন্তব্যের জন্যই খ্যাত। এছাড়াও প্রতিবছর রামলীলাতে রাবণ চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত এই নেতা।
কিন্তু বিজেপি সরকারকে যখন ভিন্নমতের প্রতি আগ্রাসনের অভিযোগে শিক্ষার্থী এবং বিরোধীদলীয় নেতাদের রোষের মধ্যে সময় অতিবাহিত করতে হচ্ছে সেই সময়টিতে আহুজার মন্তব্যটি ভালোভাবে নেয়নি বিজেপি। উল্টো দলের মধ্যেও সমালোচিত হচ্ছেন তিনি।
জেএনইউ এর তিন জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আফজাল গুরুকে ফাঁসি দেয়ার বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী বক্তব্যের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় আরও তিনজনকে খোঁজা হচ্ছে।






