চট্টগ্রামের রাজগঞ্জ এলাকায় মোহাম্মদ মহিন উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তি র্যাব সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
র্যাবের দাবি, বৃহস্পতিবার ভোরে নগরীর পাঁচলাইশ থানার রাজগঞ্জে এক বন্দুকযুদ্ধের ঘটনায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মহিম নিহত হয়।
ঘটনার বর্ণনা দিয়ে র্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, একদল সন্ত্রাসী চান্দগাঁও আবাসিক এলাকায় চিটাগাং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পাশের রেল লাইনের পাশে অবস্থান করছে, এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে যায়। এরপর সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়।
“সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থালে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
র্যাবের বলছে, ঘটনাস্থল থেকে একটি একে-২২ এসএমজিসহ দুইটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মহিমের বিরুদ্ধে নগরের পাঁচলাইশসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ১৮টি মামলা আছে।








