দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো একটি সময়ের প্রয়োজন রয়েছে।
কিন্তু, এর মধ্যে কক্সবাজারে সার্বিক পরিবেশ পরিস্থিতি রোহিঙ্গাদের রাখার অনুকূলে নয়। তাই, সরকার বিকল্প মাধ্যম হিসাবে তাদের ঠেঙ্গারচরে পুর্নবাসনের উদ্যোগ নিয়েছে। রোহিঙ্গারা স্বদেশে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের ঠেঙ্গারচরেই পুর্নবাসন করা হবে এবং সরকারিভাবে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রীর সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের সচিব মো. শাহ কামাল, মহা পরিচালক রিয়াজুল আহমদ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমান ও কক্সবাজার শরণার্থী বিষয়ক হাই কমিশনার আবুল কালাম সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








