কক্সবাজারের চকরিয়ার দুই ডাকাতদলের গোলাগুলির ঘটনায় ১০ মামলার আসামি নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাত (২৫) নিহত হয়েছে।
এ সময় চিংড়ি ঘেরের মালিক ও চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে চিংড়িজোনে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে নিহত ডাকাত সর্দারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত ডাকাত সর্দার নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাত চিরিঙ্গা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সওদাগর ঘোনা গ্রামের জহির আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘের দখলে গেলে উভয় ডাকাতদলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে ডাকাত সর্দার নুরুল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুই ডাকাতদলের বন্দুকযুদ্ধে নিহত ডাকাতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।
অপরপক্ষে নেতৃত্ব দেয়া ডাকাত সর্দার নাছির উদ্দিনসহ ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।










