বিশ্বের বিভিন্ন স্থানে কনসার্টের পরিকল্পনা ছিল জাস্টিন বিবারের। কিন্তু সফর শেষ হওয়ার আগেই ‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’ বাতিল করলেন কানাডার এই পপ তারকা। কোনো ধরণের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ এড়াতেই নাকি ওয়ার্ল্ড ট্যুর বাতিল করেছেন তিনি।
জাস্টিন বিবারের অফিশিয়াল ওয়েবসাইটে কনসার্ট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। ফলে বিশ্বের জাস্টিন ভক্তরা ভীষণ হতাশ হয়েছেন। বিবারের এ সিদ্ধান্তের কারণে আগামী ৩ মাসে এশিয়া ও উত্তর আমেরিকার ১৪টি কনসার্ট স্থগিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রসহ জাপান, হংকং, ফিলিপাইন, সিঙ্গাপুর ইন্দোনেশিয়া আরও বেশ কয়েকটি দেশে এসব কনসার্ট হওয়ার কথা ছিল। বাতিল হওয়া কনসার্টের বিক্রিত টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে ভক্তদেরকে।
২০১৫ সালের গানের অ্যালবাম ‘পারপাস’–এর প্রচারের জন্য ২০১৬ সালের মার্চ থেকে তিনি এই বিশ্ব ভ্রমণ শুরু করেন। ইতিমধ্যে ১৫০টি কনসার্ট করেছেন বিভিন্ন দেশে। এখন পর্যন্ত অনুষ্ঠিত কনসার্ট থেকে ৯৩.২ মিলিয়ন ডলার আয় হয়।
কদিন আগেই চীনে জাস্টিন বিবারের কনসার্ট নিষিদ্ধ করা হয়। এ নিষেধাজ্ঞার পেছনে জাস্টিনের খারাপ আচরণকে দায়ী করেছে চীনের সাংস্কৃতিক ব্যুরো। এমনকি চীনে তার অ্যালবামের বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইয়াহু।







