আমাদের ব্যান্ড ওয়ারফেজেও অনেক সময় ছোটখাট গণ্ডগোল হতো। বাচ্চু ভাই মুরুব্বী হয়ে সেসব মিটিয়ে দিয়েন। ভাল দিক, ভুল দিক বুঝিয়ে দিতেন সুন্দর ভাবে। আমরা তাকে মান্য করতাম। শুধু ওয়ারফেজের না, বাচ্চু ভাই ছিলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের মুরুব্বী।
ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তাকে নিয়ে এসব কথা বলছিলেন হার্ড রক ও মেটাল গান করে জনপ্রিয়তা পাওয়া ব্যান্ড ‘ওয়ারফেইস’ এর দলনেতা মনিরুল আলম টিপু।
স্কয়ার হাসপাতালে আইয়ুব বাচ্চুকে দেখতে এসে এই সংগীত তারকা বলেন, বাচ্চু ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছি না। তিনি মিউজিকের কিংবদন্তি। তার মৃত্যু আমাদের মিউজিকের অনেক ক্ষতি করে দিল। যেটা অপূরণীয়।
টিপু বলেন, বাচ্চু ভাই আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির মুরুব্বী। ভেতরটা ফেটে যাচ্ছে। তার সঙ্গে অনেক শো করেছি। অনেক স্মৃতি। আশির দশকের পর থেকে তার সঙ্গে আমার সম্পর্ক। সবসময় বড় ভাইয়ের আমাকে পরামর্শ দিতেন। তার আত্মার শান্তি কামনা দোয়া করি।
১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার পরে ঢাকায় জানাজা ও পরেরদিন শনিবার চট্টগ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে সমাহিত হবেন এই গুণী সঙ্গীতব্যক্তিত্ব।







