ওয়ানপ্লাস আগামীকাল বুধবার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে। এরই মধ্যে ডিভাইসটির ছবি ও বাজার মূল্য ফাঁস করেছে অ্যামাজন জার্মানি।
ফাঁস করা ছবিতে দেখা গেছে ওয়ানপ্লাস ৬ এর ‘মিরর ব্ল্যাক’ রঙের একটি ডিভাইস। ডিভাইসটির ওপরে রাখা হয়েছে নচ আর নিচে সামান্য বেজেল। তবে ছবিতে আঁধারে ওয়ালপেপারের কারণে নীচের বেজেল স্পষ্ট দেখা যায়নি।
ডিভাইসটির পেছনে ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে খাড়াভাবে ডুয়াল ক্যামেরা রাখা হয়েছে। এবার অ্যালার্ট স্লাইডার বসানো হয়েছে ডান পাশে। আর নিচে রাখা হয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।
ছবির সঙ্গে নতুন ওয়ানপ্লাস ৬ এর মূল্যও জানিয়েছে অ্যামাজন জার্মানি।
৬৪ জিবি মডেলের ডিভাইসটির মূল্য হতে পারে ৬২১.২৬ মার্কিন ডলার এবং ১২৮ জিবি মডেলের মূল্য ৬৮১.১১ ডলার। তবে ২৫৬ জিবি মডেলের বাজার মূল্য কতো হবে তা জানানো হয়নি। ২২ মে ডিভাইসটি বাজারে আসবে বলে জানিয়েছে অ্যামাজন জার্মানি।







