১৪৫ বলে অপরাজিত ২৩২ রান। মেয়েদের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের অ্যামিলিয়া কের। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে মেয়েদের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন কের। তার ইনিংসে ছিল ৩১টি চার ও ২টি ছক্কার মার।
অ্যামেলিয়া ভেঙেছেন ২১ বছর আগে গড়া অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের বিশ্বরেকর্ড। ১৯৯৭ সালে ডেনমার্কের বিরুদ্ধে অজি ক্লার্ক ২২টি বাউন্ডারির সাহায্যে ১৫৫ বলে অপরাজিত ২২৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। ছেলে ও মেয়েদের মিলিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই ছিল প্রথম দ্বিশতরানের নজির।
এদিন আরও একটি রেকর্ড গড়েছেন অ্যামেলিয়া। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে সেঞ্চুরিয়ানদের তালিকায় চারনম্বরে তিনি।
অ্যামেলিয়ার ডাবল সেঞ্চুরির সুবাদে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৩ উইকেটে ৪৪০ রান তোলে। অ্যামেলিয়া ছাড়াও ১১৩ রান করেন ক্যাসপারেক। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায় আইরিশ মেয়েরা। ৩০৫ রানের বিশাল ব্যবধানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। কিউইরা ৩-০ ব্যবধানে সিরিজ জেতে। ম্যাচ এবং সিরিজ সেরা হন অ্যামেলিয়া।







