এশিয়া কাপের সর্বোচ্চ চারবারের শিরোপাজয়ী দল কোরিয়া। দশম আসরে তাদের শুরুটাও হল রাজসিক। শুরুর এলোমেলো কাঁপন থামিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ওমানকে উড়িয়ে দিয়েছে ৭-২ গোলে।
চলতি এশিয়া কাপে বইছে গোলের বন্যা। চার ম্যাচের তিনটিতেই হয়েছে ৭টি করে গোল। কোরিয়ার জয়টা সেই ৭ গোলে হলেও তারা খেয়েছে ২টি।
বৃহস্পতিবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে পুল ‘বি’র দ্বিতীয় ম্যাচে শুরুতে অঘটনের ইঙ্গিত ছিল ওমানের খেলাতে। ১৮ মিনিটে রাশেদ আল ফাজরির গোল কাঁপিয়ে দিয়েছিল র্যাঙ্কিংয়ের ১৩তে থাকা কোরিয়াকে। পরে আরও গোটা কয়েক গোলের সুযোগ ব্যর্থ না হলে চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের আশা করতেই পারত ওমান।
তবে প্রথম গোলটি যেন আঁতে ঘা-ই মেরেছে কোরিয়ানদের সম্মানে। গোল খেয়ে ওমান রক্ষণে হামলে পড়ে ২২ মিনিটে দলকে সমতা এনে দেন মুকইয়ং লি।
ম্যাচের ৩৫ মিনিটে কোরিয়ার হয়ে দ্বিতীয় গোলটি এসেছে হুন চো সুকের স্টিক থেকে। পরের মিনিটেই কোরিয়ার ব্যবধান ৩-১ করে দেন ইন উ সিও।
পেনাল্টি কর্নার থেকে ওমানের জালে এক হালি গোল পূর্ণ করেছেন ৪১ মিনিটে ঝি হুন ইয়াং। ৪৮ মিনিটে পরপর দুটি গোল ওমানের জালে পুরেছে কোরিয়া। ন্যাম ইয়ং লির ফিল্ড গোলের পরপরই পেনাল্টি কর্নার থেকে জং ইয়াং ঝ্যাংয়ের গোল।
ম্যাচের ৫১ মিনিটে মুবারক আল কাসমি ব্যবধান একটি কমালেও লাভ হয়নি। শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঝি হুন ইয়াংয়ের জোড়া গোল বড় জয়ই নিশ্চিত করেছে কোরিয়ার।








