টানা বর্ষণে নাকাল সারাদেশ। তবে প্রভাবটা একটু বেশিই রাজধানী ঢাকায়। বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে যানজট। আধা-ঘণ্টার রাস্তা পেরোতে লাগছে কোথাও কোথাও দেড় থেকে দুই-ঘণ্টা পর্যন্ত। তাই সড়কে অব্যবস্থাপনার বিষয়টি আবারও সামনে এলো।
তবে, এ অভিযোগকে খুব একটা পাত্তা দিচ্ছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার দাবি সড়কের অব্যাবস্থাপনা নয়, যানজটসহ দুর্ভোগের মূল কারণ আইন না মানার প্রবণতা।
মঙ্গলবার বিকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। মেধাবীরা না আসলে খারাপ-অসৎ ও চরিত্রহীনরা দেশ চালাবে।
“বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া রাজনীতিকরাও দুর্ঘটনা ঘটায়। তাই তাদের হাতে ক্ষমতা চলে গেলে দেশ ক্ষতিগ্রস্থ হবে।”
মাদকে না বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন: মরণ নাশা ইয়াবা সারাদেশে সুনামীর মতো ছড়িয়ে পড়ছে। আমাদের এখনই সকল ধরণের মাদকে না বলার সময় এদেশে। প্রধানমন্ত্রীও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স অবস্থান নিতে সকলকে নির্দেশ দিয়েছেন।
পরীক্ষা কেন্দ্রীক শিক্ষা ব্যাবস্থার সমালোচনার পাশাপাশি নৈতিকতার ভিত্তি শিক্ষাব্যবস্থা প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।








