এ কে এম যাকারিয়ার জন্ম শতবর্ষ উৎসব বকুলতলায়

প্রখ্যাত ব্যক্তি, হালকা চুল ও চশমা পরা, হাস্যোজ্জ্বল মুখ, পটভূমিতে ইটের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রত্নতত্ত্ববিদ, পুঁথিবিশারদ, অনুবাদক, নৃবিজ্ঞানী, ইতিহাস চিন্তক ও ক্রিড়া সংগঠক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার শততম জন্মদিন উপলক্ষে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির উদ্যোগে জন্ম শতবর্ষ উৎসব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্বদ্যিালয়ের চারুকলা অনুষদের সহায়তায় আগামী ১ ও ২ অক্টোবর চারুকলা অনুষদের বকুলতলায় এ উৎসবে থাকবে আলোকচিত্র প্রদর্শনী, গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয় ও ঐতিহ্যবাহী দেশীয় পরিবেশনা। কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উৎসবে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করবেন বিশিষ্ট অনুবাদক, শিল্পী, গবেষক, স্থপতি ও তার পরিবারের সদস্যরা।
১ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা সঙ্গীত পরিবেশন করবেন ফরিদা পারভীন। সঙ্গে বাঁশি বাজাবেন গাজী আবদুল হাকিম।
বঙ্গের ঐতিহ্যবাহী আখ্যানকাব্য নিয়ে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া রচনা করেছেন দুটি আকরগ্রন্থ। যোগীর ঐতিহ্যভিত্তিক ‘গুপিচন্দ্রের সন্ন্যাস’ ও গাজীর ঐতিহ্যভিত্তিক ‘বাংলা সাহিত্যে গাযী কালু চম্পাবতী উপাখ্যান’।
উৎসবে ১ অক্টোবর রোববার নাটোরের তছের মণ্ডল ও তার দল পরিবেশন করবেন যোগীর গান। ২ অক্টোবর বিক্রমপুরের মঙ্গল মিয়া গায়েন ও তার দল গাজীর পট গান এবং মানিকগঞ্জের চাঁন মিয়া গায়েন ও তার দল গাজীর গান পরিবেশন করবেন।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ১৯১৮ সালের ১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার দরিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।



