অর্থনীতি

এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক: পরিকল্পনামন্ত্রী

এসডিজি

জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে পরিকল্পনামন্ত্রী

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘পরিবর্তিত বিশ্বে দারিদ্র্য নির্মূল ও উন্নয়নে অগ্রগতি’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে ৪৪টি দেশ এসডিজি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে তাদের জাতীয় প্রতিবেদন উপস্থাপন করে। এসময় বাংলাদেশের ২২ সদস্য দলের নেতৃত্ব দেন মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, যোগ্য নেতৃত্ব ও উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের দারিদ্রসীমা প্রায় অর্ধেকে কমিয়ে আনা হয়েছে।

বৈঠকে ২০৩০ সালের মধ্যে দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে জলবায়ু পরিবর্তন রোধ এবং শান্তি প্রতিষ্ঠার ইস্যুকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলেছে জাতিসংঘ। সামাজিক শান্তি এবং মানুষের জীবন-মানের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ।

এসডিজি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতিবেদন উপস্থাপন করেন এসডিজি বাস্তবায়ন বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। দারিদ্র নির্মূল, ক্ষুধা, সুস্বাস্থ্য ও কল্যাণ, লিঙ্গ সমতা, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, জলজ জীবন এবং বৈশ্বিক অংশীদারিত্ব বাস্তবায়নে বাংলাদেশের অর্জন তুলে ধরা হয় প্রতিবেদনে।

এইচএলপিএফ-এর দিনব্যাপী কর্মসূচিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও অন্যরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:এসডিজি এসডিজি অর্জন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…