কথা ছিল সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা হবে। কিন্তু তা হয়নি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ঘটেছে তার ব্যতিক্রম। সেখানে পরীক্ষা নেয়া হয়েছে আলাদা সেটে।
শুরুর দিন ১ ফেব্রুয়ারি ঢাকা বোর্ডে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হয়েছে “ক” সেট। কিন্তু দেলদুয়ার উপজেলায় পরীক্ষা নেয়া হয় “খ” সেটে। শনিবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার পর অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলে এ বিষয়টি সবার নজরে আসে।
অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পরিবর্তে সেখানে তিন হাজার ১১৯ জন পরীক্ষার্থী আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে পড়েছে। তাদের শঙ্কা ভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষার খাতা মূল্যায়ন হবে না।
একাধিক অভিভাবক জানান, পরীক্ষার খাতা যদি “খ” সেটের মাধ্যমে মূল্যায়ন না হয় সেক্ষেত্রে বহুনির্বচনী (নৈর্ব্যত্তিক) পরীক্ষার উত্তর সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এছাড়া বাংলা (আবশ্যিক) (সৃজনশীল) খাতায় “ক” সেট অনুসারে মূল্যায়ন করলে পরীক্ষার ফলাফল ভিন্ন হবে। “ক” সেটের পরিবর্তে “খ” সেটের প্রশ্নপত্রে নেয়া খাতাগুলো বোর্ড কীভাবে মূল্যায়ন করবে এনিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। তিন হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা ভেবে ভিন্ন প্রশ্নপত্রে নেয়া পরীক্ষার খাতাগুলো ভিন্নভাবে মূল্যায়নের জোর দাবী জানান স্থানীয় সচেতন মহল।
দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান জানান, দেলদুয়ার উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১১৯ জন। এর মধ্যে এসএসসি দুই হাজার ৬৩৮ জন, দাখিল ২৭০ জন এবং কারিগরী বোর্ডের অধীনে ২১১ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা “খ” সেট প্রশ্নপত্রে নেয়া হয়েছে বলেও জানান ওই শিক্ষা কর্মকর্তা। তবে কেন বা কীভাবে “ক” সেট’র পরিবর্তে “খ” সেট এলো সে ব্যাপারে কিছুই জানা নেই তার।
তিনি আরো বলেন, এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে। তিনিই এ সম্পর্কে ভালো বলতে পারবেন।
দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. আক্তারুন্নেছা জানান, পরীক্ষা চলাকালে আমরা নিজেরাও জানিনা অন্যান্য জায়গায় “ক” সেটে পরীক্ষা হচ্ছে। বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেলদুয়ারে “খ” সেট নির্ধারতি ছিল জানালে আমরা আশ্বস্থ হই। তবে জেলার অন্যান্য উপজেলাতে “ক” সেটে এবং দেলদুয়ারে “খ” সেটে পরীক্ষা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। দেলদুয়ার ছাড়াও আরো কয়েকটি উপজেলায় এরকম ভিন্ন প্রশ্নপত্র হয়েছে বলে দাবী করেন ওই কর্মকর্তা।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, যেকোনভাবে দেলদুয়ারে প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা “খ” সেটে নেয়া হয়েছে। তবে পরীক্ষার্থীদের এ নিয়ে বিব্রত হওয়ার প্রয়োজন নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি বোর্ডের সাথে কথা বলেছি, দেলদুয়ার উপজেলার সব পরীক্ষার্থীর প্রথম দিনের বাংলা প্রথমপত্রের পরীক্ষার খাতা আলাদা দেখা হবে।
টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষা ‘‘খ’’ সেটে নেয়া হয়েছে কিনা এটি আমার জানা নেই।








