এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের পরীক্ষাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে, ছাত্ররা মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ
বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১ অক্টোবর পর্যন্ত।
এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। এবার সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়।
পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবের মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না, তবে ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ পরীক্ষার কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন না।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে।






