অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের সকালটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপে ৪ উইকেট হারিয়েছে প্রথম সেশনে। ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছে সাকিব আল হাসানের দল।
অধিনায়ক সাকিব ৫ ও নুরুল হাসান সোহান ২ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন।
এই দুজনের পর নেই ভরসা রাখার মতো কেউ। পেসার মোস্তাফিজ-খালেদ-ইবাদত বাংলাদেশের শেষের তিন ব্যাটার।
ইনিংস ব্যবধানে হার এড়াতে বাংলাদেশকে করতে হবে আরও ৪৭ রান। তৃতীয় দিনের সকালে ৬৫ রান তুলতেই হারায় ৪ উইকেট। আগের দিনের করা ২ উইকেটে ৫০ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।
আসা-যাওয়ার মিছিলে দায়িত্ব নিয়ে ব্যাট করছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু বিরতির আগে ফিরে যান এ ওপেনার। দলীয় ১০৯ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন তামিম ইকবালের সঙ্গে ইনিংসের সূচনা করা।
দুই ওপেনারের ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ রান। তামিম ২২ রান করে আউট হন। জয় ৪২ রান করেন ১৪৩ বল খেলে। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে ফেরেন।
প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান তোলে ক্যারিবীয়রা।







