একটা নয়, দুটি নয়, রোববার গুণে গুণে চারটি গোল করেছেন কাইলিয়ান এমবাপে। তার এক হালি গোলে ফরাসি লিগ ওয়ানে লিওঁ’র বিরুদ্ধে ৫-০তে জেতে পিএসজি।
চার গোল করে ফরাসি লিগের ৪৫ বছরের রেকর্ডও ভেঙেছেন এমবাপে। ১৯ বছর ৯ মাস বয়সে এমবাপেই গত ৪৫ বছরে সবচেয়ে কমবয়সী, যিনি এক ম্যাচে চার গোল করেছেন। এই চার গোল করতে আবার সময় নেন ১৩ মিনিট। এর মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন মাত্র ৮ মিনিটে।
এমবাপের এমন পারফরম্যান্সে বেজায় খুশি তার সতীর্থ নেইমার। শুধু তিনি কেনো, ফরাসি তারকার ভক্ত যে ব্রাজিলিয়ান সুপারস্টারের ছেলেও। একথা আবার নিজেই জানিয়েছেন বার্সেলোনার সাবেক তারকা।
নেইমার বলেন, ‘আমার ছেলেও এখন এমবাপের ভক্ত। ও এসেছিল এমবাপের সঙ্গে ছবি তুলতে, স্কুলের বন্ধুদের দেখাবে বলে। সেটা তুলতে পেরে ও খুবই খুশি।’
এমবাপের সঙ্গে পিএসজিও নজির থেকে দূরে নেই। ফরাসি লিগে তারা প্রথম ৯টি ম্যাচই জিতেছে। এই ৯ ম্যাচের প্রতিটিতেই অন্তত তিনটি গোল করেছে তারা। থমাস টুসেলের শিষ্য এই ৯ ম্যাচে গোল করেছে ৩২টি। ২৭ পয়েন্ট নিয়ে তারাই ফরাসি লিগের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে।







