৬১, ৬৬ ও ৬৯ মিনিটের মাথায় পরপর তিনটি গোল করে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে। এর বাইরেও করেন আরেকটি গোল। ফ্রান্সের বিশ্বকাপ তারকার চার গোলে ছিন্নভিন্ন হয় লিওঁ। তাতে লিগ ওয়ানের ম্যাচে ৫-০ গোলের বড় জয় পায় পিএসজি।
রোববার রাতে ঘরের মাঠে শুরুতেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। নবম মিনিটে নেইমারের সফল পেনাল্টি কিকে এগিয়ে যায় তারা। এমবাপে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। তা থেকে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।
প্রথমার্ধে দুদলেরই একজন করে খেলোয়াড় লালকার্ড দেখলে মাঠে খেলা চলে ২০ জন ফুটবলারের। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে দু’দলই একটি করে সুযোগ পায়। কেউই কাজে লাগাতে পারেনি। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। এই গোলের যোগানদাতা নেইমার।
ম্যাচের ৬৬ মিনিটে ডান দিক থেকে মারকুইনোসের পাস গোলমুখে পেয়ে বল জালে ঠেলে দেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের এই তারকা। ৬৯ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ ক্ষিপ্রতায় অনেকটা ছুটে গিয়ে গোলরক্ষককে একা পেয়ে জোরাল শটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। ৭৪ মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকেন দেন এমবাপে।










