ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের ম্যাচ খেলতে স্বাগতিক মুম্বাইয়ের শহরে পৌঁছেছে গুজরাট লায়ন্স। সব ঠিকই ছিল। কিন্তু বিমানবন্দরে নেমেই মাথায় হাত লায়ন্সের অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের। তিনি পৌঁছেছেন, কিন্তু পৌঁছায়নি তার কিট ব্যাগ। পরে জানা গেছে ব্যাগটা সঙ্গেই আসেনি ফিঞ্চের। এ কারণে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে পারলেন না তিনি। না খেলার পেছনে থাকল বিশেষ একটি কারণও!
কিট ব্যাগ হারানো যে খুব বেশি কিছু তেমন কিন্তু নয়। গুজরাট সতীর্থদের থেকে ব্যাট-প্যাড ধার করেই খেলা চালিয়ে নিতে পারতেন অজি তারকা। কিন্তু গোল বাঁধিয়েছে ফিঞ্চের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দেওয়া শর্তাবলি। চুক্তির শর্ত অনুযায়ী অন্য কোন প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী ব্যবহার করতে পারবেন না এই মারকুটে ব্যাটসম্যান। অন্য কোন স্পন্সরের লোগোও নিয়ে মাঠে নামার সুযোগ নেই তার। তাই আর ম্যাচটা খেলা হল না।
চলতি আইপিএলে খুব যে ভালো ফর্মে আছেন ফিঞ্চ এমন নয়। প্রথম দুই ম্যাচে করতে পেরেছেন যথাক্রমে ১৫ এবং ৩ রান করে। তৃতীয় ম্যাচে পুনে সুপারজায়ান্টের বিপক্ষে অবশ্য অপরাজিত ৩৩ রান করে দলকে জেতাতে অবদান রেখেছিলেন।








