চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের কাগজ ও স্বাক্ষর জাল করার অভিযোগে প্রযোজক ও অভিনয়শিল্পী রমিজ উদ্দিনের নামে প্রতারণার মামলা করা হয়েছে। নিবাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু গত ২০ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন। মামলা নম্বর ২৫। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবদুর রশীদ। তিনি বলেন, ‘মামলার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। বিবাদী রমিজ উদ্দিনকে গ্রেফতার করতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া করেছে।’
গত ১১ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পরাজিত প্রার্থী প্রযোজক ও অভিনয়শিল্পী রমিজ উদ্দিন ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারি জজ আদালতে রীট করেন। তা স্থগিত করেছে জেলা দায়রা জজ। তার আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালত যে অন্তবর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন, গতকাল মঙ্গলবার তা তুলে নেওয়ার আদেশ দেন জেলা দায়রা জজ কুদ্দুস জামান। বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবী কাওসার হোসেন।
রমিজ উদ্দিন সদ্য শেষ হওয়া নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান।









