দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় রোববার বিকাল ৫টায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চেয়ার ফাঁকা রেখে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জরুরি সভা করেছেন। সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সভা থেকে বের হয়ে মহাসচিব সাংবাদিকদের জানান, জেল কোড অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে কোনো আবেদন ছাড়াই ডিভিশন দেয়ার নিয়ম। কিন্তু তাকে এখনো সাধারণ কয়েদীর মতো রাখা হয়েছে। তাকে চিকিৎসাসেবা দেয়া হয়নি, খালেদা জিয়ার গৃহ পরিচারিকাকে সাথে রাখার অনুমতি দেয়া হয়নি। তিনি অসুস্থ। তার সুষ্ঠু চিকিৎসা দরকার।
জেলকোড ভঙ্গ করায় খালেদা জিয়ার কিছু হলে তার জন্য সরকারকে দায়ী থাকতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী ডিভিশন দিতে হবে।
এসময় তিনি জানান, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও ফোনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে নিতে আহ্বান জানিয়েছেন।
দল এখন আগের চেয়ে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।







