জাতির আজ বড় দুঃসময় চলছে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ স্বয়ং প্রধান বিচারপতি সরকারের দুঃশাসনের শিকার হলো। একটি রায় সরকারের বিরুদ্ধে গেল বলে আজ প্রধান বিচারপতিকে চরম মূল্য দিতে হয়েছে। এই দুঃশাসনকে সমর্থন দিলে একদিন ঠিক একই মূল্য দিতে হবে বাকি বিচারপতিদেরও।
শুক্রবার সকালে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান অপহরণের প্রতিবাদ ও সন্ধানের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, দেশের এই দুঃসময় শুরু হয় কয়েক বছর আগে থেকে। দেশে গুম-খুনের রাজনীতির মধ্য দিয়ে। আমরা আশা করেছিলাম রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমাদের প্রধানমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পাবেন। কিন্তু নোবেল কমিটি যখন দেশে গুম খুনের তালিকা দেখল তখন মনে হচ্ছে তা আর পাওয়া হলো না! আমরা মর্মাহত!
তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান করে বলেন, দেশে এসে গুম হওয়া মানুষগুলো জনসম্মুখে আনুন। মানুষের শান্তি ফিরিয়ে আনুন।
মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী বলেন, দেশের প্রধান বিচারপতি আজ সরকারের ক্রোধের শিকার। গতকাল তিনি সস্ত্রীক ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মী পূজা দিতে গেছেন। আইনমন্ত্রী মিথ্যাচার করেছেন। এখানে প্রধাবন বিচারপতির অসুস্থতা নয়, সরকারের ক্ষোভের শিকার।
রিজভী আশঙ্কা করে বলেন, প্রধান বিচারপতির ওপরে আরেকজন সুপ্রিম শক্তি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শাসন করতে চান সবকিছু। তাকে নামাতে হবে তীব্র আন্দোলনের মাধ্যমে। এই দুঃশাসনের পতন ঘটাতে হবে।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মুহাম্মদ ইবরাহিম।







