এবার ‘পোড়ামন টু’

‘পোড়ামন’ ছবির দৃশ্য
জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘পোড়ামন’ ছবির সফলতার পর এর সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে। সম্প্রতি রাজধানীর অদূরে মেঘনা রিসোর্টে ‘পোড়ামন টু’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন, পরিচালক জাকির হোসেন রাজু, ‘পোড়ামন টু’ ছবির পরিচালক রায়হান রাফি, সংগীতশিল্পী আকাশ সেন প্রমূখ।
অনুষ্ঠানের মঞ্চে নতুন এ ছবির পরিচালকের হাতে ক্ল্যাপস্টিক তুলে দেন ‘পোড়ামন’ ছবির পরিচালক জাকির হোসেন রাজু। তবে সেদিন ছবির অভিনয়শিল্পীদের নাম বলা হয়নি। চ্যানেল আই অনলাইনকে আব্দুল আজিজ জানান, আগামী ৬ এপ্রিল শিল্পীদের নাম ঘোষণা করা হবে। আর ‘পোড়ামন’ ছবির পরী আর সুজন প্রেমিকযুগলের ভালোবাসার করুণ পরিণতির মধ্য দিয়ে শুরু হবে ‘পোড়ামন টু’র গল্প।
‘পোড়ামন টু’ ছবির শুটিং শুরু হবে ২৩ এপ্রিল।
আব্দুল আজিজ বলেন, ‘প্রথম ছবিটি দর্শক ভালোভাবেই নিয়েছে। তা মাথায় রেখে দ্বিতীয় ছবিটি নির্মাণ করব। পরিচালকের সঙ্গে আলোচনা হচ্ছে। এবার ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন গাজী মাজহারুল আনোয়ার। সব মিলিয়ে দর্শককে ভালো একটি ছবি উপহার দিতে চাই আমরা।’



