২০১৬ সালের ২০ আগস্ট বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতির কোল আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। বছর ঘুরে ফের তাদের ঘরে নতুন অতিথি। তবে এবার তাদের ঘরে পুত্র সন্তান!
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বুধবার বিকেল চারটায় মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় শহীদ পত্নি মীরাকে। এরপর সন্ধ্যায় ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শহীদ স্ত্রী মীরা রাজপুত। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।
মেয়ের পর এবার ছেলে সন্তানের আগমনে স্বভাবতই অনেক খুশি ‘হায়দার’ খ্যাত নায়ক শহীদ। তবে শহিদ কন্যা মিশার ভাইয়ের নাম কী রাখা হয়েছে, তা এখনও জানা যায়নি।
বর্তমানে ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত বলিউডের এই হার্টথ্রব অভিনেতা। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ সেপ্টেম্বর।







