জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যকে ‘অনভিপ্রেত ও অসমীচীন’ বলেছে জাতীয় বিশ্বিবদ্যালয় সিন্ডিকেট।
তার বক্তব্যকে ‘অপ্রত্যাশিত, অবাঞ্ছিত, দুঃখজনক, নিন্দনীয় ও জাতীয় স্বার্থের পরিপন্থী দাবি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার প্রস্তাবে বলা হয়: উপাচার্যের মতো দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির পক্ষে অপর একটি পাবলিক বিশ্ববদ্যালয় সম্পর্কে এরূপ মন্তব্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ডিগ্রিকে দেশে-বিদেশ প্রশ্নবিদ্ধ করবে।
তাদের এক বিবৃতিতে বলা হয়: গত ১৪ মার্চ সরকারি তিতুমীর কলেজের এক অনুষ্ঠানে ঢাকা বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক “খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্বিবদ্যালয়” বলে মন্তব্য করেন।
তার বক্তব্যের ব্যাপারে আলোচনা ও করণীয় নির্ধারণে বুধবার সন্ধ্যায় জাতীয় বিশ্বিবদ্যালয়ের সিন্ডিকেটের জরুরী সভা হয়।
সভা থেকে ড. আরেফিন সিদ্দিককে তার বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য অনুরোধ করা হয়। তা না হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।







