জার্মানির বার্লিনের একটি হাসপাতালে ডাক্তারকে গুলি করে গুরুতর আহত করেছে একজন রোগী। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন তিনি। পরে নিজেকেও গুলি করে আত্মঘাতী হন ঘাতক। জার্মান পত্রিকা বিল্ড হামলার খবর প্রকাশের পর বার্লিন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এই হামলার সাথে সন্ত্রাসবাদের কোন চিহ্ন খুঁজে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। হাসপাতালের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি।
ডাক্তার গুরুতর আহত এবং আইসিইউ’তে রয়েছেন বলে জানায় বার্লিন পুলিশ।
স্থানীয় সময় দুপুর একটায় স্টেগলিটজ্ শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত চ্যারিটি ইউনিভার্সিটি হাসপাতালের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ক্যাম্পাসে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
জার্মানিতে ১৮ জুলাইয়ের পর থেকে মাত্র নয় দিনের মাথায় পঞ্চম হামলার ঘটনা এটি। এর আগের হামলাগুলোতে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
এর আগে রবিবার আনবাকে একজন আশ্রয়প্রার্থী সঙ্গিত উৎসবের বাইরে আত্মঘাতি বিস্ফোরণ ঘটালে ১৫ জন আহত হন। এর ছয় দিন আগেও ১৮ জুলাই ওয়ের্জবার্গে এক অভিবাসী আশ্রয়প্রার্থী কুড়াল হাতে যাত্রীবাহি ট্রেনে হামলা চালালে ৫ জন আহত হয়। ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে।
শুক্রবার মিউনিখে শপিং সেন্টারে হামলা চালিয়ে ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণ নয়জনকে হত্যা করে। রবিবার এক সিরিয়ান শরণার্থী রিউটলিঞ্জেনের একটি স্ন্যাক বারে ছুরকাঘাত করে পোলিশ নারীকে হত্যা ও তিনজনকে আহত করে।







