আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় তুলেছে বাংলাদেশ। শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিক সামলে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ১-০তে এগিয়ে টিম টাইগার্স। এবার সাকিব-লিটনদের সামনে সুযোগ আফগানদের হোয়াইটওয়াশ করার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। পরে তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ের প্রথম দুটি হেরে সিরিজ হেরে বসেন সাকিব-লিটন। তৃতীয় ও শেষ ম্যাচে শঙ্কা জাগে আফগানদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার। সেই শঙ্কা কাটিয়ে জয়ের দেখা পায় লিটন দাসের দল।
এবার টি-টুয়েন্টি সিরিজে সাকিবের দলের সামনে সুযোগ অতিথিদের হোয়াইটওয়াশ করার। সিরিজ জিতলে দ্বিতীয়বার হ্যাটট্রিক সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এর আগে টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ জিতেছিল লাল-সবুজের দল।
আইসিসি র্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে থাকলেও দলটির বিপক্ষে টি-টুয়েন্টি পারফরম্যান্স ভালো নয় টাইগারদের। চলতি সিরিজের আগের ৯ দেখায় ৬বারই সঙ্গী হয়েছে হার, বিপরীতে জয় মাত্র ৩টিতে। এই সিরিজের এক ম্যাচ জিতে ১০ দেখার বিপরীতে বাংলাদেশের জয়ের সংখ্যা এখন ৪।








