এপ্রিলের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ কথা জানান।
স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করার জন্য জয়দেবপুরের প্রাইমারি এবং রাঙ্গামাটির বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংবাদ সম্মেলনে দেয়া বিবৃতিতে জানান ড. শাহজাহান।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, বিটিআরসির সচিব মোহাম্মদ সরওয়ার আলম, শামীম আহমেদ ও অন্যরা।
বিটিআরসি’র দেয়া তথ্য অনুসারে, দুর্যোগের সময় নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ীমূল্যে সম্প্রচার সেবা দেয়া সম্ভব হবে।
এছাড়াও প্রতিরক্ষা, দুর্যোগকালীন জরুরি যোগাযোগ, টেলিমেডিসিন, ই-লার্নিং,ই-গবেষণা, ভিডিও কনফারেন্স সুবিধা নিশ্চিত করবে বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইটটি।
স্যাটেলাইটটি থেকে প্রাপ্ত তরঙ্গ বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর বাকী অব্যবহৃত অংশ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের আশা করছে বিটিআরসি। এছাড়া এই স্যাটেলাইট বৈশ্বিক টেলিযোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের পরনির্ভরশীলতার অবসান ঘটাবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।







