প্রবাসী ব্যবসায়ীদের জন্য সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘সেন্টার ফর এনআরবি অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রির্পোটার রুহুল আমিন রাসেল।
শনিবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (সেন্টার ফর এনআরবি) আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ- ২০২০’র উদ্বোধনীতে রুহুল আমিন রাসেলের হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া ও ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কূটনীতিক তালাত খলিফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি সভাপতি এম. এস সেকিল চৌধুরী।
বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটিতে কর্মরত রুহুল আমিন রাসেল। তার আগে তিনি সংবাদ, ভোরের কাগজের ট্যাবলয়েড দিনের শেষে, ভোরের ডাক এবং সাপ্তাহিক একতায় কাজ করেছেন।







