হলিউড সুপারস্টার ডোয়াইন জনসনের বহুল প্রত্যাশিত ছবি ‘ব্ল্যাক অ্যাডাম’। এই ছবির মুল চরিত্রে অভিনয় করছেন তিনি। জানিয়েছেন, তার দুই দশকের ক্যারিয়ারে এই চরিত্রটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং।
‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিতে খল চরিত্রে দেখা যাবে ডোয়াইন জনসনকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘ব্ল্যাক অ্যাডাম ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং চলছে এই সপ্তাহে। শার্ট খুলে পেশি দেখাচ্ছি। কঠিন ডায়েটে আছি, ট্রেনিং আর ব্যায়াম চলছে। পুরো ক্যারিয়ারে এত পরিশ্রম আগে কখনো করিনি।’
ডোয়েন জনসনকে ‘জুমানজি ২ : দ্য নেক্সট লেভেল’-এ দেখা গিয়েছিল। পাইপলাইনে তাঁর ‘জঙ্গল ক্রুজ’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’, নেটফ্লিক্স-এর ‘রেড নোটিস’, ‘স্যান অ্যান্ড্রিয়াস-২’, ‘ব্ল্যাক অ্যাডাম’ এবং আরও বেশ কিছু ছবি রয়েছে যা এখনও মুক্তির অপেক্ষায় দিন গুনছে।
ওয়ার্নার ব্রাদার্সের সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি শাজামের প্রধান ভিলেন ব্লাক অ্যাডাম। তবে ভিলেন না বলে অ্যান্টিহিরো বললে তা বেশি যুক্তিযুক্ত। শাজামের সাথে ব্ল্যাক অ্যাডামের অনেক মিল রয়েছে। শাজামের শক্তি আসে বিভিন্ন গ্রিক ও রোমান দেবতাদের থেকে। আর ব্ল্যাক অ্যাডামের শক্তি আসে কয়েকজন মিশরীয় দেবতাদের থেকে। ব্ল্যাক অ্যাডাম তার আবাসভূমি ও প্রাচীন শহর কানদাখের রক্ষাকর্তা। আখতোন নামের এক ভিলেনের আক্রমণে এই শহর ধসে পড়ে এবং ব্ল্যাক অ্যাডাম তার পরিবারকে হারায়। এই ঘটনার প্রেক্ষিতেই সে এক অ্যান্টিহিরোতে পরিণত হয়।
২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাবে ‘ব্ল্যাক অ্যাডাম’।
View this post on Instagram








