২৯ শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।সেখানে চ্যাম্পিয়ন হন জান্নাতুল নাঈম এভ্রিল। সেরা নির্বাচিত হওয়ার পরপরই সমালোচনার মুখে পড়েন তিনি। কারণ প্রতিযোগিতার নিয়ম ভেঙ্গে তাতে অংশ নিয়েছেন, তিনি বিবাহিত। নিয়মে বলা আছে কখনো বিয়ে, সন্তান জন্মদান কিংবা গর্ভপাত করানো হয়েছে এমন কেউ মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
তাই নিয়ম ভেঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নেয়া এবং নির্বাচিত হওয়া নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক এবং চিকিৎসক আব্দুন নূর তুষার।
ফেসবুকে তিনি লেখেন-
‘‘যে কোনো প্রতিযোগিতার নিয়ম মেনেই সেটায় অংশ নিতে হয়। নিয়মে বলা আছে কখনো বিয়ে হয়েছে , সন্তান জন্ম দিয়েছে বা গর্ভপাত করানো হয়েছে এমন কোনো মেয়ে মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ।
এই নিয়ম ও প্রতিযোগিতা দুই বিষয়েই অনেক আপত্তি থাকতে পারে । কিন্তু যতক্ষন নিয়ম আছে , সেটা মেনেই প্রতিযোগিতা করতে হবে। তার মধ্যে বিচারকরাও বলেছেন এই মেয়েকে তারা বিজয়ী করেন নাই। তার মানে দুবার নিয়ম এর বিপরীতে গিয়ে এই প্রতিযোগী বিজয়ী হয়েছে।
এরমধ্যে নারীবাদ নিয়ে আসলে, জালিয়াতিকে সমর্থন করে নারীবাদের ক্ষতি করা হয়। মনে রাখা দরকার, এটা “মিস বিপ্লবী ওয়ার্ল্ড “প্রতিযোগিতা না , এটা এরিক মোরলে পরিবারের মালিকানায় পুরুষতান্ত্রিক দৃষ্টিতে নারীকে দেখবার প্রতিযোগিতা ।’’
আব্দুন নূর তুষার বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’ য় উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।










