চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখান তোকে মানাইছে না গো’

দুলাল মাহমুদদুলাল মাহমুদ
৮:৩৩ পূর্বাহ্ন ০৬, জানুয়ারি ২০১৭
মতামত
A A

আমার চোখের সামনেই ছোট্ট পরিসর থেকে ক্রমশ বিস্তৃত হচ্ছে রাজধানী ঢাকা। পরিণত হয়েছে মেগাসিটিতে। বদলে যাচ্ছে তার বহিরঙ্গ। দিনে দিনে খোলতাই হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন রূপ পাচ্ছে। কখনো কখনো চিনতেও ভুল হয়। এটিই আমার শহর কিনা মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে। এ শহরের জাঁক যত বাড়ছে, জমক যত বাড়ছে, ততই যেন জটিল হয়ে উঠছে। একটা সময় খুব সামান্যতেই খুশি হয়ে যেতাম। আনন্দ পেতাম। এখন অনেক বেশি পেয়েও তেমনটি হতে পারছি না। মতিঝিলে নির্মিত প্রথম উঁচু ভবন ‘টয়োটা বিল্ডিং’ দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসতেন। এখন সারি সারি সুউচ্চ হাইরাইজ বিল্ডিংয়ের আড়ালে পড়ে গেছে একসময়ের দর্শনীয় এ ভবনটি। ফার্মগেটের প্রথম ফুটওভার ব্রিজ দেখে তাকিয়ে থেকেছি মুগ্ধতা নিয়ে। এখন দীর্ঘ ফ্লাইওভারের ডানায় উড়াল দিতে দিতে ফুটওভার ব্রিজকে খুবই অকিঞ্চিৎকর মনে হয়। বিশ্বায়নের এ দুনিয়ায় এখন কোনো কিছু আর অবাক করে দেয় না। যে শহরটি ছিল নির্জন ও নিরিবিলি, এখন সেটি হয়ে ওঠেছে জনবহুল ও কোলাহলময়। এভাবে শৈশব-কৈশোর-তারুণ্যের অনেক কিছুই অচেনা হয়ে যাচ্ছে। তুচ্ছ হয়ে যাচ্ছে। হারিয়েও যাচ্ছে জীবন থেকে। তার মাঝে আমিও যেন অনাহুত হয়ে পড়েছি। জন্মের সামান্য পর থেকেই এ শহরেই বসবাস। এখন এ শহরের সঙ্গে একদমই মানিয়ে নিতে পারছি না। না শারীরিক, না মানসিকভাবে। অনেকটাই মিসফিট হয়ে গিয়েছি।

পথের যে ধুলা না মিশলে চটপটি ‘টেস্টি‘ লাগে না, সেই ধুলাবালিতে রীতিমতো কাহিল হয়ে পড়ি। শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। একটুতেই হাঁপিয়ে উঠি। অথচ এ শহরে বসবাস করবো, আর ধুলোবালি থেকে দূরে থাকবো, এটা কি সম্ভব? চারপাশেই উড়ছে বিস্তর ধুলোর রেণু। পুরো শরীর চিটচিট করে। চুলগুলো হয়ে যায় ধূসর পান্ডুলিপির মতো। সুস্থ-সবল থাকার জন্য চিকিৎসকরা প্রতিনিয়ত পরামর্শ দেন প্রতিদিন কিছু সময় হাঁটার জন্য। অবশ্য এমনিতেই না হেঁটে উপায় নেই। একসময় নির্জন এ শহরে একা একা হাঁটতে রীতিমতো ভয় লাগতো। ছিনতাইকারীর ছুরিতে কখন ক্ষত-বিক্ষত হয়ে যাই। আর এখন এত এত মানুষের ভিড়ে হাঁটার সুযোগ পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার নয়। মানবজটের এ শহরে হাঁটতে গেলে গায়ে গায়ে ধাক্কা লাগে। আর ফুটপাথ শব্দের অর্থগত তাৎপর্য তো হারিয়ে গেছে। এটিকে ‘ফুটবাণিজ্য’ বললে অত্যুক্তি হবে না। সারি সারি দোকানের মধ্যে দিয়ে হাঁটতে গেলে সব রকম ধকল সইতে হয়। কখনো-সখনো হতে হয় নাজেহাল। তাছাড়া অধিকাংশ ফুটপাথই তো মসৃণ নয়। নয় চলার উপযোগী। একটুখানি অমনোযোগী বা অন্যমনস্ক হলেই হোঁচট খাওয়া বা আহত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। পিছলেও পড়তে হয়।
যানজট এ শহরের এক চরম দুর্ভোগের নাম। অসহনীয় এ যানজটে ঘণ্টার ঘণ্টার পর গাড়িতে অসহায়ভাবে নিশ্চুপ বসে থাকতে হয় ধ্যানী বকের মতো। সময় বয়ে যায় আপন নিয়মে। গন্তব্যে কখন পৌঁছানো যাবে, কারো জানা থাকে না। হতাশায় দীর্ণ হতে হয়। অস্থিরতা পেয়ে বসে। বেড়ে যায় অসহিষ্ণু আচরণও। এর যেন কোনো প্রতিকার নেই। সব মিলিয়ে যানজট কেড়ে নিচ্ছে উচ্ছ্বাস, উদ্দাম, প্রাণশক্তি। এর প্রভাব পড়েছে সামাজিক জীবনেও।

ইদানিং স্নায়ু কেমন যেন বিবশ হয়ে যাচ্ছে। লোপ পাচ্ছে স্বাভাবিক চিন্তা-ভাবনা। এলোমেলো হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি। ভোঁতা হয়ে যাচ্ছে অনুভূতি। এটা কেন হচ্ছে, সেটা আমরা যেন বুঝতে পারছি না। যে কারণে এ বিষয়টিকে মোটেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ প্রতিনিয়ত আমাদের বিপন্ন করে তুলছে গাড়ির তীব্র হর্ন। বিকট শব্দ ভিতরটা এমনভাবে কাঁপিয়ে দেয়, প্রতিটি স্মায়ুকোষ নির্জীব-নিস্তেজ-নিশ্চল হয়ে যায়। আর গাড়ির বিষাক্ত কালো ধোঁয়ায় ভিতরটা হয়ে যায় কৃষ্ণবর্ণ। দীর্ঘমেয়াদে এর পরিণতি যে একদমই ভালো হয় না, সেটা অন্তত অনুভব করছি পলে পলে। বাস্তব অবস্থাটা এমন দাঁড়িয়েছে, হর্ন না বাজালে কারো মেজাজ ভালো থাকে না। আবার হর্ন না শুনলে অনেকেরই বোধকরি ভালো লাগে না। যে কারণে সামগ্রিকভাবে এ নিয়ে খুব একটা হেলদোল দেখা যায় না।

কোথাও একটুখানি জিরিয়ে নেওয়া কিংবা খোলা প্রান্তরে মুক্ত হাওয়া সেবন করা, অত্যন্ত দুর্লভ হয়ে ওঠেছে। সবুজ প্রকৃতি তো দূরে থাকুক, এ শহরে কোনো গাছের দেখা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই পাখির কলকাকলি শোনা যায় না। আর খোলা মাঠ, খোলা প্রান্তর এখন যেন বিলাসিতার বিষয়। বরং পাল্লা দিয়ে ক্রমাগত বেড়েই চলছে চিকিৎসালয়। যেন চিকিৎসাধীন থাকাটা আমাদের বিধিলিপি। এটাই হয়ে ওঠেছে আমাদের বড় বিনোদন। চিকিৎসকের কাছে ধন্না না দিলে আমাদের ভালো লাগে না। কে কত বড় চিকিৎসকের কাছে যাচ্ছেন, কে কত বড় চিকিৎসালয়ে যাচ্ছেন, সেটাই হয়ে ওঠেছে স্ট্যাটাস সিম্বল।

আমার মতো যাঁদের পাবলিক পরিবহনে চলতে হয়, তাঁদের যে কত বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় হয়! কোনো কোনো গাড়ির অবয়ব ও অবকাঠামো দেখলেই মনে হয় প্রাচীন কোনো জাদুঘর থেকে তুলে এনে প্রদর্শনীর জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। ভিতরের জীর্ণ-শীর্ণ অপ্রকৃতিস্থ অবস্থা। বসতে পারা তো ভাগ্যের ব্যাপার। বসতে পারলেও চেপেচুপে এমনভাবে বসতে হয়, তাতে স্বস্তিটুকু উবে যায়। একবার বসলে সহজে আর বের হওয়া যায় না। কন্ডাক্টর আর ড্রাইভারের জমিদারি মেজাজ-মর্জির কাছে নিজেকে প্রজা প্রজা মনে হয়। কোনো নিয়ম-কানুনের বালাই নেই। কখনো মনে হয় যেন মৃত্যুযানের সওয়ার হয়েছি। যে কোনো মুহূর্তে কফিনবন্দি হওয়ার অপেক্ষায় থাকতে হয়। চলন্ত অবস্থায় রাস্তার মাঝখানে নামতে বাধ্য করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে না নেমে উপায়ও থাকে না। অবশ্য কোনো কোনো যাত্রীর আচরণও বিদঘুটে। তাঁদের অন্যায় ও অন্যায্য আবদার ও নির্দেশ রাখতে হয় চালককে। সবাই নিজের সুবিধা নিশ্চিত করতে চান। অন্যের কি অসুবিধা হলো, তা নিয়ে মোটেও তোয়াক্কা করেন না। যাতায়াতের সময় যে কত অম্ল-মধুর অভিজ্ঞতা হয়, বেশিরভাগ সময়ই তিক্ত, এ নিয়ে লিখতে গেলে মহাভারত হয়ে যাবে।

Reneta

এ শহর বিস্তৃত হচ্ছে। মানুষ বাড়ছে। বাড়ছে এর জেল্লা। কিন্তু বিনোদনের ক্ষেত্রে এ শহর এখনও সাবালক হয়ে ওঠতে পারলো না। বরং বিনোদনের যে উৎসগুলো ছিল, তা অনেকটা শুকিয়ে যাচ্ছে। একটু সময় কাটানো কিংবা আনন্দ পাওয়ার মতো ব্যবস্থা নেই বললেই চলে। জনবহুল এ শহরে বিনোদন নিয়ে কেন যে এত কার্পণ্য, ঠিক বুঝে ওঠতে পারি না। মানসিকতার অনেক পরিবর্তন হলেও এই একটি ক্ষেত্রে উদার হওয়া যায় নি। যেন বিনোদন খুব একটা তুচ্ছ বিষয়। এর কোনো প্রয়োজন নেই!

এ শহরে কারো কাছে ভালো কথা, ভালো ব্যবহার, ভালো আচরণ আশা করা যায় না। আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, নির্লজ্জতা, দুর্ব্যবহার, মিথ্যা বলা যেন হয়ে ওঠেছে আদর্শ লিপি। যে যত বেশি শঠ, তার কদর তত বেশি। এর ব্যতিক্রম যাঁরা, তাঁদের জন্য যেন এ শহর নয়। যে কারণে সম্পর্কের ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে জটিলতা। কূটিলতাও। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না।

এ শহর আমাকে এখন অবসন্ন করে দেয়। ক্লান্ত করে দেয়। বিষণ্ন করে তোলে। শারীরিকভাবে অসুস্থ করে দেয়। মানসিকভাবেও বিপন্ন করে তোলে। কেবল টেনেটুনে বেঁচে থাকার জন্যই যেন এ শহরে বসবাস। নিজেকে মনে হয় আজনবি। প্রকৃতঅর্থেই মোটেও অ্যাডজাস্ট করতে পারছি না। এভাবে বসবাস করতে আর ইচ্ছেও করে না। যে কারণে বুকের মধ্যে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয়, ‘লাল পাহাড়ির দেশে যা/রাঙামাটির দেশে যা/এখান তোকে মানাইছে না গো/এক্কেবারে মানাইছে না গো’। আমি তো জানি, আমাকে ‘এক্কেবারে মানাইছে’ না। এখান থেকে চলে যেতে চাই। কিন্তু কোথায় পাবো লাল পাহাড়ির দেশ? কোথায় পাবো রাঙামাটির দেশ? সেখানে আমাকে কে নিয়ে যাবে?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজধানী ঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT