লিগে মৌসুমের ২৭তম গোল পেয়েছেন কাইলিয়ান এমবাপে। তোলুজের বিপক্ষে তার একমাত্র গোলে কষ্টে জিতলেও শিরোপা জয়ের একেবারে কাছে চলে গেছে পিএসজি। রোববার রাতে তোলুজকে ১-০ গোলে হারায় ফরাসি জায়ান্টরা।
প্রথমার্ধের খেলা গোলশূন্য শেষ হওয়ার পর ম্যাচের ৭৪ মিনিটে গোল করেন এমবাপে। এই জয়ে ২৯ ম্যাচে ৮০ পয়েন্ট হল পিএসজির। একই রাতে নঁতকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিলেঁ। তবে এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা পিএসজির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখনো ২০।
শিরোপা জয় থেকে আর একটি ম্যাচ দূরে পিএসজি। আগামী সপ্তাহে লিলেঁ যদি স্টেড দে রেইমসকে হারাতে ব্যর্থ হয় এবং এমবাপে-ডি’মারিয়ারা যদি রেসিং স্ট্রাসবুর্গকে হারাতে পারে তাহলে ওইদিনই শিরোপা নিশ্চিত হবে পিএসজির।
শিরোপার সঙ্গে নতুন একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে পিএসজি। প্রথম ফরাসি ক্লাব হিসেবে শিরোপার পথে ১০০ পয়েন্ট অর্জন করার সুযোগ তাদের সামনে। সেই সঙ্গে সর্বোচ্চ গোল স্কোর (১১৮) করারও সুযোগ আছে তাদের।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও দুটি সেরা সুযোগ নষ্ট হয় তোলুজের। ক্রসবারে প্রতিহত হয় সম্ভাবনাময় দুটি শট।
ইনজুরির কারণে দলে নেই নেইমার। ব্রাজিলিয়ান তারকা এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তবে বার্সেলোনার সাবেক তারকা না থাকলেও দলের হয়ে অ্যাঞ্জেল ডি’মারিয়া ও এডিনসন কাভানির সঙ্গে গোল স্কোরিংয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন এমবাপে।








