তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দিতে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল থেকে একইসঙ্গে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জেমি ভার্ডি ও গ্যারি কাহিল। তবে দু’জনই বলেছেন, তারা ‘পুরোপুরি দরজা বন্ধ করে দিচ্ছেন না।’
লেস্টার সিটির স্ট্রাইকার ভার্ডি জানান, রাশিয়া বিশ্বকাপে তিনি ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেটকে নিজের পরিকল্পনা জানিয়েছিলেন।
ইংল্যান্ডের হয়ে ২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩১ বছর বয়সী ভার্ডি গার্ডিয়ানকে বলেছেন, ‘বেশ কিছুদিন ধরে অবসর নেয়ার ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল।’
তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন ভার্ডি।
অন্যদিকে, চেলসির ৩২ বছর বয়সী ডিফেন্ডার কাহিল বলেন, ‘তরুণ প্রজন্মকে সুযোগ দেয়ার এটাই সময়। আমার সরে দাঁড়ানোর সঠিক সময় এটি।’
২০১০ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় কাহিলের। দেশের হয়ে খেলেছেন ৬১ ম্যাচ। জাতীয় দলকে বেশ কয়েকবার নেতৃত্বও দিয়েছেন। রাশিয়া বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। ইংলিশরা শেষ পর্যন্ত বিশ্বকাপের সেমিফানাল খেললেও গ্রুপপর্বে ওই ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে হেরে যায় বেলজিয়ামের কাছে।








