সার্জিও রামোস বলছেন, দলের অবস্থা এখন বেশ জটিল। পরিবর্তন দরকার। বিশ্বের সেরা ক্লাব হয়ে মাঠে নামার পর ভিয়ারিয়ালের মাঠ থেকে ড্র করে ফেরা, পরের ম্যাচেই আবারো হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। এবার ড্র নয়, বিশ্বচ্যাম্পিয়নদের ২-০ গোলে হারের স্বাদ দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। সেটাও আবার সান্তিয়াগো বার্নাব্যুতে! বিশ্বের সেরা দল যখন লিগ টেবিলে পাঁচে থাকে তখন অধিনায়কের পরিবর্তনের ডাক দেয়াটাই স্বাভাবিক।
এ ধরনের হারের পর সাধারণত যিনি বলির পাঠা হন, সেই রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি রোববার ম্যাচের পর এড়িয়ে গেছেন পদত্যাগের বিষয়টি। চোট আর ফর্মহীন ফরোয়ার্ডদের দলের কাণ্ডারি হয়ে আসলে তার কীইবা করার আছে।
ইস্কো ফর্ম হারিয়েছেন, গ্যারেথ বেল ঘনঘন চোটে পড়ছেন। ভিয়ারিয়ালের বিপক্ষে চোটে পড়ার পর সোসিয়েদাদের বিপক্ষে মাঠেই নামা হয়নি ওয়েলস ফরোয়ার্ডের। লুকাস ভাসকেজ যাও বা কিছুটা ফর্মে আছেন, রোববারের ম্যাচে লাল কার্ড দেখায় পরের ম্যাচে তাকে পাওয়া হচ্ছে না সোলারির। করিম বেনজেমা গোল পেলেও সেটা নিয়মিত নয়। যা লড়ার একাই লড়ছেন লুকা মদ্রিচ।
অধিনায়ক রামোসের মতো পরিবর্তনের ডাক না দিলেও মদ্রিচ স্বীকার করেছেন ড্রেসিংরুমে অবস্থা স্বাভাবিক নয়। সতীর্থদের নিজের সঙ্গে নিজেকে সৎ হওয়ার আহ্বান বিশ্বসেরা ফুটবলারের। বলছেন, নিজ থেকে সেরাটা দিতে না পারলে কোচের বুলি গুলিয়ে খাওয়ালেও ফায়দা হবে না।
‘কোচ অসাধারণ কাজ করছেন। কিন্তু তিনি তো আর গোল করবেন না, কিংবা আমাদের হয়ে গোল ঠেকাবেন না। আমাদেরকেই মাঠে থাকতে হয়। তাই আমাদেরই মনোযোগী হতে হবে। প্রতি ম্যাচেই আমরা এভাবে সবকিছু ভজঘট করতে পারি না। ভবিষ্যতে আমাদের এসব বন্ধ করতে হবে।’
হারের ম্যাচে কেবল একাই লড়াই করেছেন ভিনিসিয়াস জুনিয়র। তাকে নিয়েই যা একটু আশা সোলারির। চলতি শীতকালীন দলবদলে ম্যানসিটি থেকে রাহিম ডিয়াজকে মাদ্রিদে আনতে পেরেছে রিয়াল। শীতকালীন দলবদল এখনো চলছে। মৌসুমের বাকি সময়টা সম্মানের সঙ্গে পার করে দেয়ার জন্য এই সময়টাতে রিয়ালের জন্য রসদ যোগাতে পারেন কেবল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।









