সোমবার রাতে যখন ২-০ গোলে এগিয়ে জাপান, হয়ত খানিকটা স্বস্তিতেই ছিলেন ব্রাজিলিয়ান সমর্থকরা! কোয়ার্টারে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বেলজিয়ামের মুখোমুখি হতে না হওয়ার আভাস মিলছিল সেসময়। শেষপর্যন্ত অবশ্য শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল প্রতিপক্ষ পেয়েছে বেলজিয়ানদেরই। প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে নেইমার-কৌতিনহোদের প্রতিপক্ষ হয়েছেন লুকাকু-হ্যাজার্ডরা।
কোয়ার্টারেই যে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল-বেলজিয়াম, সেটা গ্রুপপর্ব শেষেই অনুমান করা যাচ্ছিল। অঘটনের বিশ্বকাপে এ দুটি দল আশার আলো হয়ে আসর মাতাচ্ছে, তার একটি সেমিফাইনালের আগেই বিদায় নেবে।
কোয়ার্টারে কে ফেভারিট? র্যাঙ্কিং হিসেবে আনলে বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় সেরা দলের লড়াই হতে চলেছে শেষ আটে। ব্রাজিল র্যাঙ্কিংয়ে দুইয়ে, আর বেলজিয়াম তিনে। যে দলটি ছিল র্যাঙ্কিংয়ে সবার উপরে, সেই জার্মানি গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়ায় অবধারিতভাবেই সময়ের অন্যতম সেরা দুদলের লড়াই হতে যাচ্ছে ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১২টায়।
কেমন শক্তি ঝুলিতে নিয়ে মহারণে নামবে ব্রাজিল-বেলজিয়াম? দেখে নেয়া যাক পরিসংখ্যান কার পক্ষ নিচ্ছে। সেখানে অবশ্য পরিষ্কারভাবে এগিয়ে টিটের ব্রাজিল। সবমিলিয়ে মাত্র চারবার বেলজিয়ামের মুখোমুখি হয়েছে ব্রাজিল। যেখানে তিন ম্যাচে জয়ের বিপরীতে হার কেবল একটিতে।
১৯৬৩ সালে নিজেদের প্রথম দেখায় ৫-১ গোলে জয় পেয়েছিল ‘রেড ডেভিল’খ্যাত বেলজিয়াম। দুই বছর বাদে ৫-০ গোলের বিশাল এক জয় দিয়ে সেই হারের প্রতিশোধ নিয়েছিল সেলেসাওরা। হ্যাটট্রিক করেছিলেন পেলে।
ব্রাজিল-বেলজিয়াম শেষবার লড়েছে ২০০২ বিশ্বকাপে। শুক্রবার কাজান অ্যারেনায় লড়াইয়ের আগে সেটাই বিশ্বকাপে দুদলের প্রথম ও শেষ দেখা। দ্বিতীয় রাউন্ডে সেবারও ২-০ গোলে জয় পেয়েছিল ফেনোমেনন রোনাল্ডোর ব্রাজিল। পরে দলটি জিতে নেয় বিশ্বকাপও।
তবে সেই বেলজিয়ামের সঙ্গে এই বেলজিয়ামের বিস্তর ফারাক। হ্যাজার্ড-লুকাকু-কেভিন ডি ব্রুইনকে নিয়ে গড়া দলটি তাদের স্বপ্নের প্রজন্ম। জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩ গোলে ম্যাচ জিতে তারা প্রমাণ করেছে, ছিটকে যেতে বিশ্বকাপে আসেনি! তাতে প্রতিপক্ষ যেই হোক না কেনো, লড়াই জমারই আভাস।
অবশ্য প্রতিপক্ষ যখন ব্রাজিল, দুশ্চিন্তা থেকেই যাবে বেলজিয়ামের। তাদের রক্ষণে যে বেশ বড় এক ছিদ্র আছে, জাপানই সেটা দেখিয়ে দিয়েছে জালে বল দিয়ে। চেনা ফর্মে ফিরে আসা নেইমার, আগুনে ফর্মে থাকা কৌতিনহো কিংবা বদলি হয়ে নেমে গোল পাওয়া ফিরমিনোকে আটকাতে কোম্পানি, ফেলাইনির বেলজিয়ামকে বেগ পেতেই হবে। এই ব্রাজিল সর্বশেষ ২৯ ম্যাচে হেরেছে মাত্র একটি ম্যাচ। তেমন একটি দল নিশ্চিতভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে!







