কাঠমাণ্ডু বিমানবন্দরে ইউএস-বাংলার যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে তাতেই ছিলেন রফিক জামান, সানজিদা হক বিপাশা এবং ছেলে অনিরুদ্ধ ছিল।
দুর্ঘটনার শিকার উড়োজাহাজে নিজের খালাতো ভাই ছিলেন বলে নিশ্চিত হয়েছেন রাকা নোশিন নওয়ার। এখন প্রবল অস্থিরতায় সময় কাটাচ্ছেন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের তালিকায় ভাই, ভাবি ও ভাতিজার নাম রয়েছে কিনা জানার জন্য।
ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এরই মধ্যে যাত্রী তালিকা দেখে নিশ্চিতও হয়েছেন ওই উড়োজাহাজে ভাই-ভাবিরা ছিলেন। এখন আশঙ্কার প্রহর। সংবাদমাধ্যম ও উদ্ধারকারীদের কাছে নিজের প্রিয়জনের খবর পৌঁছানোর চেষ্টা করছেন রাকা নোশিন নওয়ার।
৭৮ জন ধারণক্ষমতার বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটিতে ৬৭ জন আরোহী ছিল বলে জানা গেছে। ৩৭ জন পুরুষ ও ২৭ জন নারী ছাড়াও উড়োজাহাজটিতে ছিলো শিশু। এদের মধ্যে ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মারাও গেছেন অনেকে।
সোমবার দুপুর তিনটার দিকে উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।








