রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটবাড়িতে আগুনে একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রথমে সালিন বিন নেওয়াজ ও পরে জারান মারা গেছে। মৃত সালিন উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো, আর জারানের বয়স মাত্র ১৪ মাস।
দগ্ধ অন্যরা হলেন- ওই পরিবারের কর্তা মো. শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া খানম (৪০), তাদের ছেলে সালিন (১৪) এবং জারিফ (১০)।
তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, বাকী ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, আগুনে মো. শাহনেওয়াজের ৯৫ শতাংশ, সুমাইয়া খানমের ৯০ শতাংশ, সালিলের ৮৮ শতাংশ পুড়ে গেছে। তবে চতুর্থ শ্রেণির ছাত্র জারিফের হাত-পায়ের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আবুল হাসনাত নামের এক ব্যক্তি সকাল ৮টার দিকে ওই পাঁচজনকে হাসপাতালে নিয়ে যান। হাসনাত আমাদের বলেছেন, সকালে ওই বাড়ির রান্নাঘর থেকে বিকট শব্দ হয় এবং আগুন ধরে যায়। পরে তা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ওই বাসার গ্যাসের চুলা বা লাইনে সমস্যা ছিল। এর ফলে রান্নাঘরে গ্যাস জমে যায় এবং সকালে চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধদের স্বজন আবুল হাসনাত খান জানান, শাহনেওয়াজ একটি বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবার নিয়ে উত্তরার ওই বাসায় থাকেন তিনি।






