গত ডিসেম্বরে প্রথমবার মা হয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছেলে লিওর বয়স মাত্র ৭ মাস। কিন্তু পেশাদারিত্বের টানে ছেলেকে সময় না দিয়ে উইম্বলডনের কোর্টে নেমে পড়তে হয়েছে বেলারুশ কন্যাকে। কোর্টে নেমে তাই প্রতিপক্ষের পাশাপাশি এখন ছেলেকে নিয়েও সমান ভাবনা আজারেঙ্কার। ওয়ার্ল্ড টেনিস এসোসিয়েশনের (ডব্লিউটিএ) কাছে তাই জোর দাবি তুলেছেন, টুর্নামেন্টগুলোতে চাই শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার।
এবারের উইম্বলডনে একের পর এক শীর্ষ নারী তারকাদের পতন চলছেই। কেবলমাত্র সবেধন নীলমণি হয়ে জ্বলছেন আজারেঙ্কাই। দ্বিতীয় রাউন্ডে ১৫তম বাছাই রাশিয়ার এলিনা ভেসনিনাকে ৬-৩, ৬-৩ সরাসরি সেটে রীতিমত উড়িয়ে দিয়েছেন। কিন্তু এরপরও চিন্তার কমতি নেই তার।
কোর্টে নামার আগে স্বামী এবং মায়ের কাছে ছেলেকে রেখে আসেন আজারেঙ্কা। ছেলের খাওয়া-দাওয়া কিংবা ঠিকমত ঘুমোচ্ছে কিনা এসব নিশ্চিত করতেই টেনিসের আসরগুলোতে ডে-কেয়ার সেন্টার চান বেলারুশ তারকা, ‘যেকোন মূল্যে আমি এটা চাই। কারণ এটা আসলেই জরুরি। আমি ডব্লিউটিয়ের কয়েকজনের সঙ্গে কথাও বলেছি।’
এটিপি টুর্নামেন্টগুলোতে টেনিস তারকাদের শিশুদের জন্য নার্সারি স্কুল, বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু গ্র্যান্ডস্লাম আসরগুলোতে নিজের দায়িত্বেই বাচ্চাদের আনতে হয় মায়েদের। এমনকি পুরুষ তারকারা যে সুযোগ-সুবিধা পান তার অর্ধেকও নাকি পান না বলে দাবি তুলেছেন আজারেঙ্কা, ‘পুরুষদের জন্য যেসব সুযোগ সুবিধা রয়েছে আমার মনে হয় নারীদের জন্য সমান ব্যবস্থা রাখা জরুরি। আর নারীদের জন্য সত্যিই এটা জরুরি এবং গুরুত্বপূর্ণ।’








